পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে মুঠোফোনের টাওয়ারে চুরি করতে গিয়ে গণপিটুনিতে রাজন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
এ সময় রাজু আহম্মেদ (৪০) নামে অন্য একজন আহত হয়। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার চক ছাতিয়ানি গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে চার-পাঁচজন মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মী পরিচয় দিয়ে টাওয়ারের ভেতরে ঢোকে। একপর্যায়ে তারা টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি খুলতে শুরু করে। এরপর সেগুলো অন্যত্র সরানো শুরু করলে টাওয়ারের পাহারাদার (গার্ড) চেঁচামেচি শুরু করেন। এ সময় গ্রামবাসী ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাজন মারা যায়। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুল ইসলাম বলেন, চোরেরা ১৭টি ব্যাটারি খুলেছিল। এর মধ্যে পাঁচটি নিয়ে তারা পালিয়ে গেছে। এ ঘটনায় গ্রামীণফোন একটি মামলা করবে বলে তিনি জানান।
ধুনটে লাশ উদ্ধার: বগুড়ার ধুনটে গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামে ইছামতী নদীর তীর থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ব্যক্তিরা জানান, ভোরবেলা কয়েকজন গোসল করতে গিয়ে নদীর তীরে ভুট্টাখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিএন সরকার বলেন, রোববার রাতে এই ব্যক্তিকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে সাদা রঙের পাঞ্জাবি, পায়জামা ও গলায় মাফলার ছিল।