পাবনায় জমি নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ১৩
পাবনার সদর উপজেলার দ্বীপচর লাউদার গ্রামে গতকাল শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মেহেদী হোসেন (১৯), জহুরুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৮), আলামিন হোসেন (৩০), আকাশ (২৪), রনজু প্রামাণিক (২৮), রোহান (১৫), হিমেল (১৯), লিলি বেগম (৬০), ফজলু প্রামাণিক (৭৩), স্বাধীন (২১), রনি হোসেন (২৫) ও আশরাফ আলী (৪০)। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সাল থেকে একটি জমি নিয়ে গ্রামের রহিম প্রামাণিকের সঙ্গে হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। জমিটির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ঝগড়া-বিবাদ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিরোধ মীমাংসার জন্য গতকাল বেলা ১১টার দিকে দুই পক্ষ বৈঠকে বসে। দুপুর ১২টার দিকে আলোচনার একপর্যায়ে দুই পক্ষের লোকজন উত্তেজিত হতে থাকেন। মুহূর্তের মধ্যেই তাঁরা বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় একে অপরের ওপর লাঠিসোঁটা, দা-বঁটি ও অগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ঘণ্টাখানেক দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধ ওই ১৩ জনসহ ২০ জন আহত হন। পরে গুলিবিদ্ধ ১৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে। হাসপাতালে ভর্তির পর গুলি বের করাসহ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে দুই পক্ষের দুই প্রধানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার পর থেকে তাঁরা গা-ঢাকা দিয়েছেন।
সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।