পাবনায় জামাতার মারধরে শ্বশুর নিহত হওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় জামাই ও বেয়াইয়ের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বেয়াইকে আটক করেছে। পালিয়ে গেছেন জামাতা।

নিহত শ্বশুরের নাম আবদুস সাত্তার (৬৫)।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে ইমন উদ্দিনের সঙ্গে আবদুস সাত্তারের মেয়ে রত্না খাতুনের বিয়ে হয়। বছর খানেক ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি স্বামী-স্ত্রীর ঝগড়া হলে রত্না বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামী ইমন কয়েকবার তাঁকে নিতে এলে তিনি যেতে অস্বীকৃতি জানান। আজ সন্ধ্যায় ইমন তাঁর বাবা দলিল উদ্দিনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। স্বামী ও শ্বশুরের আসার খবর পেয়ে রত্না প্রতিবেশী একজনের বাড়িতে চলে যান। বাড়িতে ঢুকে ইমন তাঁর স্ত্রীকে খুঁজতে থাকেন। না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর খোঁজ জানতে চান শ্বশুর আবদুস সাত্তারের কাছে। এতে আবদুস সাত্তার ক্ষিপ্ত হন। শ্বশুর-জামাতার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ইমন ও তাঁর বাবা দলিল উদ্দিন মিলে আবদুস সাত্তারকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে নিহত আবদুস সাত্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। ঘটনাস্থল থেকে ইমনের বাবা দলিল উদ্দিনকে আটক করা হয়েছে। আর ইমন পালিয়ে গেছেন।