পাবনায় জেএমবি সন্দেহে গ্রেপ্তার ২
পাবনার সুজানগর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার পৌর সদরের পালপাড়া মহল্লা থেকে ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের বিবরণ অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুজানগর উপজেলার গগনপুর গ্রামের সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ওমর ফারুক (২৬)।
পুলিশের ভাষ্য, নাশকতার প্রস্তুতিকালে ওই দুজনকে ধরা হয়। তাঁদের কাছ থেকে জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলামের ভাষ্য, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পালপাড়া মহল্লার একটি বাড়িতে জেএমবির সদস্যরা বৈঠক করছেন বলে গোপন খবর পাওয়া যায়। রাত ১১টার দিকে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে ধরা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ওসি নূর ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজন জেএমবির সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের সংগঠনের আরও কয়েকজনের নাম বলেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় দুজনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনকে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।