পাবনায় ডাকাতের গুলিতে আহত ৩, দুজন আটক
পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে গতকাল বুধবার সন্ধ্যায় ডাকাত দলের গুলিতে এক ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
আহত তিনজনের মধে্য গুরুতর আহত আতাউর রহমান ও রকিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ব্যস্ততম টেবুনিয়া বাজারে কয়েকজন ডাকাত চাল ও তেল ব্যবসায়ী আতাউর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেন। এ সময় আতাউর রহমান ও তাঁর ছেলে বাধা দিলে ডাকাতেরা তাঁদের মারধর শুরু করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাবা, ছেলে ও আরেক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে থানায় খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার পরিদর্শক তদন্ত মুন্সী আবু কুদ্দুস বলেন, আটক দুজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।