পাবনায় ডাকাতের হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় গত শুক্রবার রাতে ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা সন্দেহভাজন এক ডাকাতকে ধরে গণপিটুনি দেন। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশে দেওয়া হয়।
উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত তিনটার দিকে সাত থেকে আটজনের একদল ডাকাত গ্রামের রবিউল ইসলামের (৪০) বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন জেগে উঠলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে।
এ সময় রবিউল চিৎকার করলে ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রবিউলের মেয়ে রাইসা ইসলাম (১৬) তাঁকে বাঁচাতে গেলে ডাকাতেরা তাকেও মারধর করে আহত করে।
এর মধ্যেই প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ডাকাত দল ছুটে পালানোর চেষ্টা করে। এ সময় লোকজন মতিউর রহমান (৩৫) নামে একজনকে ধরে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আহত অবস্থায় তাঁকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় ব্যক্তিরা। আহত ব্যক্তিদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।