পাবনায় থামছে না মা ইলিশ শিকার
পাবনার বেড়া ও সুজানগর উপজেলার হুরাসাগর, পদ্মা ও যমুনার বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় দিন-রাত অভিযান চলছে। কিন্তু এর মধ্যেও ইলিশ শিকার থামছে না।
স্থানীয় জেলে ও কর্মকর্তা সূত্র জানায়, মাছ ধরার নিষিদ্ধ সময়ে উপকূলবর্তী জেলেদের ক্ষতিপূরণ হিসেবে চাল দেওয়া হয়। কিন্তু পাবনার জেলেদের জন্য এ ধরনের কোনো বরাদ্দ নেই। তাঁরা বেকার হয়ে পড়েন। অভাবী জেলে ছাড়াও সুযোগসন্ধানী সচ্ছল মৎস্যজীবীরা প্রশাসনের নজর এড়িয়ে ইলিশ শিকার করছেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ইলিশ ধরা নিষিদ্ধকালে বেড়ার জেলেদের জন্য যেমন বরাদ্দ নেই, তেমনি এ-সংক্রান্ত অভিযান পরিচালনার জন্যও কোনো বরাদ্দ নেই। অভিযান পরিচালনার জন্য কোনো নৌকাও নেই। প্রশাসনের কর্মকর্তারা নিজেদের পকেটের টাকা খরচ করে অভিযান চালাচ্ছেন।
২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম। এ সময়ে সারা দেশে মা ইলিশ ধরা, বিপণন, সরবরাহ ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।
বেড়া মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ উপজেলায় তালিকাভুক্ত মৎস্যজীবীর সংখ্যা ৩ হাজার ৬৩৪ জন। তবে স্থানীয় মৎস্যজীবী সমিতির হিসাবে এই সংখ্যা পাঁচ হাজারের বেশি। বেড়ার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদী আটটি। এর মধ্যে হুরাসাগর, পদ্মা ও যমুনার বেড়া অংশের প্রায় ২৫ কিলোমিটার এলাকা মা ইলিশের প্রজননের জন্য পরিচিত।
গত শুক্র ও শনিবার ভ্রাম্যমাণ আদালত পদ্মা ও যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩০ কেজি ইলিশ জব্দ করেছেন। বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ফেলার পাশাপাশি এই সময়ে আটজনকে জরিমানাও করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও থেমে নেই ইলিশ ধরা। গোপনে চলছে ইলিশ ধরা ও বিক্রি।
উপজেলার রাজনারায়ণপুর গ্রামের এক জেলে বলেন, ‘মাছ না মারলি বাড়ির সগলের না খায়া থাকা লাগবি। তাই গোপনে হলিউ মাছ ধরব্যার যাই।’
বেড়া পৌরসভার পায়না মহল্লার বাসুদেব হালদার তাঁর বাবা, চাচা ও ভাই মিলে বাড়ির ছয়জন মৎস্যজীবী। নয় দিন ধরে তাঁরা সবাই বেকার। মাছ ধরতে না পারায় সংসার চলছে না তাঁদের। বাসুদেব বলেন, ‘শুনছি অনেক এলাকায় মাছ ধরা বন্ধ থাকার সময় সরকার চাল দেয়, টাকা দেয়। কিন্তু আমাগরে বরাতে কিছুই নাই।’
উপজেলার রঘুনাথপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, একজন জেলের এক দিন বসে থাকা মানেই সেদিন সংসার না চলা। অন্য এলাকার মতো এখানকার জেলেরাও সরকারি সহায়তা পেলে কোনো জেলেই আর মাছ ধরতে যাবেন না।
এদিকে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ইলিশ নিধন চলছে। আমরা এক এলাকায় ঢুকলে অন্য এলাকা অরক্ষিত হয়ে পড়ছে।’