নীলফামারীর ডিমলা উপজেলায় মাকে বেঁধে রেখে বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা গত রোববার রাতে নয়জনকে আসামি করে ডিমলা থানায় মামলা করেছেন।
পাবনার সুজানগরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ফেসবুকে প্রকাশ করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ডিমলায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার একটি গ্রামে নয় ব্যক্তি মিলে ওই নারীকে (৩০) তাঁর স্বামীর বাড়ি থেকে তুলে নিয়ে যান। বাড়ির অদূরে ফাঁকা জমিতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন অপহরণকারীদের মধ্য থেকে আবদুর রহিম নামের এক যুবক।
জমি নিয়ে বিরোধের জেরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে এবং পরিবারটিকে উচ্ছেদ করার জন্য ভয় দেখানো হচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়।
ধর্ষণের শিকার গৃহবধূ ও তাঁর মাকে পুলিশ গত রোববার উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বিকেলে তাঁদের নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালেওই গৃহবধূর মা গত রোববার অভিযোগ করেন, ‘আমার মেয়ের স্বামী এলাকার বাইরে কাজে গেছে প্রায় ১০ দিন আগে। এ কারণে মেয়ে ও তার তিন সন্তানকে নিয়ে আমি তার স্বামীর বাড়িতে ছিলাম। গত শনিবার রাতে হঠাৎ নয়জন লোক এসে আমার হাত, পা, মুখ বেঁধে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে যায়। পরে আমার নাতি-নাতনিরা মুখের বাঁধন খুলে দেয়। পরদিন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মাঠে হাত, পা, মুখ বাঁধা ও অচেতন অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।’
এ ঘটনায় গৃহবধূর বাবার করা মামলার আসামিরা হলেন উপজেলার ছাতুনামা গ্রামের আবদুর রহিম, দেলোয়ার হোসেন, মিস্টার আলী, ফিরিজুল ইসলাম, নুর মোহাম্মদ, ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন, নির্মল চন্দ্র রায় ও মঙ্গলু রায়। মামলার আসামি মিস্টার আলীর স্ত্রী আর্জিনা বেগম বলেন, ‘প্রতিপক্ষকে ফাঁসাতে এই নাটক সাজানো হয়েছে। ওই মামলায় আমাদের ফাঁসানো হয়েছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নীলফামারী সদর হাসপাতালের চিকিৎসক সুলতানা রাজিয়া বলেন, প্রাথমিক পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে ডিমলায় ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তির দাবি জানান।
পাবনার সুজানগরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করার অভিযোগে রোববার পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছয়জনকে আসামি করে দুটি মামলা করে দুই ছাত্রী।
আদালত মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে স্কুলের সামনে সুজানগর-নাজিরগঞ্জ সড়কে অবস্থান নেয়। তারা মুখে কালো কাপড় বেঁধে দীর্ঘ মানববন্ধন তৈরি করে। পরে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।
আরজির বিবরণ অনুযায়ী, ১ আগস্ট বিকেলে ওই দুই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে আসামিরা তাঁদের অস্ত্রের মুখে স্থানীয় একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ ও মুঠোফোনে তার ভিডিওচিত্র ধারণ করে। ঘটনাটি কাউকে জানানো হলে ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে তারা দুই ছাত্রীকে হুমকি দেয়। দুই ছাত্রী ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার কয়েক দিন পর আসামিরা ভিডিওচিত্রটি দেখিয়ে ওই ছাত্রীদের অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় আসামিরা ভিডিওচিত্রটি ফেসবুকে প্রকাশ করে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, আসামি হজরত আলী, আল আমিন, মিঠুন, পাংকু ও সোহেল রানা—এই পাঁচজনকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শাহিন হোসেন নামে একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।