পাবনায় দুদকের মামলায় প্রকৌশলী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি বর্তমানে গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে আছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার বিশেষ জজ আদালতে জামিন নিতে এলে আদালতের বিচারক আবদুল কুদ্দুস জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাবনা জেলা জজ আদালত ও দুর্নীতি দমন কমিশন পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ আগস্ট দুদক পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে বেড়া পৌরসভার মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেন এবং বেড়া পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ করা হয়। একই বছরের ২৭ আগস্ট একই অভিযোগে দুদক তাঁদের বিরুদ্ধে আরও দুটি মামলা করে।
জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার মামলায় হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। বিকেলে প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই। তিনি ১৬ বছর ধরে একটানা বেড়া পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। সীমানা–সংক্রান্ত জটিলতার একটি মামলার কারণে পৌরসভায় দীর্ঘদিন নির্বাচন হচ্ছে না। অন্যদিকে শহীদুল ইসলাম তালুকদার বর্তমানে ঢাকায় ‘গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্পের’ তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।