পাবনায় দুর্বৃত্তদের বোমায় বৃদ্ধা নিহত, পুত্রবধূ আহত
পাবনা সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে ছামিরন বেওয়া নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর পুত্রবধূ রেশমা খাতুন। উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ছামিরন বলরামপুরের মৃত তাজু প্রামাণিকের স্ত্রী। আর তাঁর ছেলে আজিবর প্রামাণিকের স্ত্রী আহত রেশমা। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন রেশমা খাতুন বলেন, বাড়িতে স্বামী আজিবর, শাশুড়ি ছামিরনসহ তাঁরা তিনজন থাকেন। গতকাল ভোর পাঁচটার দিকে আজিবর মাঠে কাজ করতে যান। এর কিছুক্ষণ পর তিনি শাশুড়িকে নিয়ে ঘরের বাইরে বের হন। এ সময় বাড়ির বাইরে থেকে কেউ বোমা ছুড়ে পালিয়ে যায়। শব্দ আর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ও নিহত দুজনের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ছামিরন মারা যান। রেশমা আশঙ্কামুক্ত।
আজিবর বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ফলে কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা পরিষ্কার নয়। তবে স্থানীয় কয়েকজন বলেন, বলরামপুর ও পাশের চর বলরামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে কারা বোমাটি নিক্ষেপ করেছে, তা কেউ দেখেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য ছামিরনের লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।