পাবনায় নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলার ফরিদপুর গ্রামে হিমু খাতুন (১৮) নামে এক নববধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তাঁর স্বজনেরা পলাতক।
স্থানীয় লোকজন ও নিহত গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হিমু ফরিদপুর পৌর সদরের থানপাড়া মহল্লার আবদুল হান্নানের মেয়ে। চার মাস আগে জেলার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামের মামুন হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই মামুন ছোটখাটো কারণে হিমুকে মারধর করতেন। মামুনের মা-বাবা ও অন্য স্বজনেরাও খারাপ আচরণ করতেন। একপর্যায়ে হিমু বিষয়টি তাঁর পরিবারকে জানান। গত বুধবার হিমুর মা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। পরদিন গত বৃহস্পতিবার মামুন তাঁদের বাড়িতে চলে আসেন। মামুন কৌশলে হিমুকে নিয়ে উপজেলার ফরিদপুর গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে যান। সেই বাড়িতে গতকাল সকালে হিমুর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
হিমুর বাবা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে তাঁর মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। এরপর হত্যাকে আত্মহত্যা বলে চালাতে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
ফরিদপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনার পর থেকে হিমুর স্বামী ও তাঁর স্বজনেরা পালাতক। হিমুর বাবা জামাইসহ ওই পরিবারের ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।