পাবনায় পুলিশকে গুলির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
পাবনার আটঘরিয়া থানার দুই উপপরিদর্শককে গুলির ঘটনায় দায়ের করা মামলার তিন আসামির অপর দুজনকে গত রোববার রাতে র্যা ব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা ও পুলিশকে গুলি করার ঘটনায় জব্দ করা প্রাইভেট কারের মালিক মো. সুজাউদ্দিন ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলী গ্রামের শাকিল হোসেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে আরেক আসামি শরীফ হোসেন মণ্ডল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। র্যা বের দাবি, আসামিরা এলাকার শীর্ষ সন্ত্রাসী। তাঁরা দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে অস্ত্র ও মাদক ব্যবসা করছিলেন।
র্যা ব-১২ পাবনা ক্যাম্পের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান র্যা ব-১২ (সিরাজগঞ্জ)-এর কোম্পানি কমান্ডার মো. শাহাবুদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস।
লিখিত বক্তব্যে র্যা ব জানায়, পুলিশকে গুলি করার ঘটনার আগে আসামিরা এক ব্যবসায়ীকে গুলি করে প্রাইভেট কারে করে পালাচ্ছিলেন। পথে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) তাঁদের বেপরোয়া গাড়ি চালাতে দেখে থামতে বলেন। ধরা পড়ার ভয়ে তাঁরা দুই উপপরিদর্শককে গুলি করে প্রাইভেট কার ও অস্ত্র ফেলে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম থেকে শাকিলকে ও ঢাকার মোহাম্মদপুর থেকে সুজাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
শাহাবুদ্দিন খান বলেন, শাকিল স্বীকার করেছেন, ২৪ জানুয়ারি রাতে জেলা সদরের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরীফ হোসেনের সঙ্গে আমিরুল হোসেন নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। বিষয়টি শরীফ তাঁর অন্য সহযোগীদের জানান। তাঁরা ২৫ জানুয়ারি সকালে আমিরুলকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বের হন। তাঁরা আমিরুলকে গুলি করে পালানোর সময় ধরা পড়ার ভয়ে দুই পুলিশ সদস্যকেও গুলি করেন।
২৫ জানুয়ারি বেলা ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম সেতুর কাছে একটি প্রাইভেট কার থামাতে বলেন আটঘরিয়া থানার উপপরিদর্শক মনির হোসেন ও তোফাজ্জল হোসেন। এ সময় প্রাইভেট কারে থাকা সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৫টি আগ্নেয়াস্ত্র, ১৭টি গুলি উদ্ধার ও প্রাইভেট কারটি জব্দ করে। ওই দিন পুলিশ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে দুটি মামলা করে। মামলার অন্যতম আসামি শরীফ হোসেন শনিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।