পাবনায় পুলিশের ওপর হামলার ঘটনায় কোনো গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আটঘরিয়া থানা সূত্রে জানা যায়, আহত এসআই তোফাজ্জল হোসেন বুধবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে মামলা দুটি করেন। একটি মামলা অস্ত্র আইনে ও অপরটি হামলার ধারায় করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ঘটনার পর থেকে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আহত দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত হয়েছেন।
গত বুধবার বেলা ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামতে বলেন পুলিশের দুই এসআই মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)।
এ সময় প্রাইভেট কারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের
ব্যবহৃত প্রাইভেট কার, পাঁচটি অগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।