পাবনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার মহিষাকোলা গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিটন হোসেন (৩০) নামের গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, লিটন আন্তজেলা ডাকাত দলের সর্দার ও তালিকাভুক্ত সন্ত্রাসী।

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিনের ভাষ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে বেড়া-কাশিনাথপুর সড়কের পাশে ওই গ্রামের একটি পরিত্যক্ত ভবনে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতেরা গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লিটনকে আটক করা হয়।

ওসি নাসির উদ্দিন বলেন, লিটনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও দুটি গুলির খোসা পাওয়া গেছে। বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হন।