পাবনায় ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবক খুন
পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শহিদুল ইসলাম (২৭) নামের এক যুবক খুন হয়েছেন।
গত শনিবার বিকেলে হামলায় আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার সকালে তিনি মারা যান। তাঁর বাড়ি একই গ্রামে।
এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তবে পুলিশ গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে গ্রামে ফুটবল খেলা নিয়ে শহিদুল ইসলাম ও রাজু হোসেনের সঙ্গে তাঁদের কয়েকজন বন্ধুর বিরোধ তৈরি হয়।
শনিবার বিকেলে শহিদুল ও রাজু মাধপুর বাজারে গেলে ওই বন্ধুরা তাঁদের ধাওয়া করেন।
একপর্যায়ে তাঁরা শহিদুল ও রাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। বাজারের লোকজন দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতে শহিদুলের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।