পাবনায় বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরের শিবরামপুর মহল্লার স্বপন কুমার কুণ্ডু নামের এক ব্যক্তির বাড়িতে গতকাল বুধবার দুপুরে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। স্বপন কুমার ওই মহল্লার শিব মন্দিরের সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা ১টার দিকে ৭ থেকে ৮ জনের একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ঢুকে স্বপন কুমারের ছেলে তাপস কুমারকে খুঁজতে থাকে। এ সময় বাড়ির নারী সদস্যরা তাপস নেই বলে জানালে তারা ভেতরে ঢুকে আসবাব, টিভি, রেফ্রিজারেটরসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর শুরু করে। এ সময় বাড়ির নারী সদস্যরা বাধা দিতে গেলে তাঁদের মারপিট করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

স্বপন কুমার কুণ্ডু বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর ছেলে বাড়িতে ছিলেন না। কারও সঙ্গে তাঁদের কোনো শত্রুতাও নেই। এরপরও কেন কারা এই ভাঙচুর চালাল, তিনি বুঝে উঠতে পারছেন না।

স্বপন কুণ্ডুর স্ত্রী যমুনা কুণ্ডু বলেন, ‘আমরা প্রায় ৪০ বছর ধরে বাড়িটিতে ভাড়া আছি। কারও সঙ্গে কখনো কোনো বিবাদ হয়নি। কিন্তু হামলাকারীরা ভাঙচুরের সময় আমাদের মহল্লা ছেড়ে চলে যেতে বলেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হামলাকারীদের শনাক্ত করতে এবং হামলার কারণ উদ্‌ঘাটন করতে তদন্ত চলছে।

পাবনা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষ বলেন, ‘আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’