পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের আবদুল হামিদ সড়কে গত শুক্রবার রাতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল হককে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাতেই শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করে জেলা বিএনপি। এ ছাড়া গতকাল শনিবারও সমাবেশ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আনিছুল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আবদুল হামিদ সড়কের ‘মৌটুসী কনফেকশনাির’র সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় রাতেই শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। গতকাল শনিবারও সমাবেশ করে একই দাবি জানান জেলা বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ। বক্তব্য দেন সহসভাপতি আবদুল্লাহ আল মান্নান, পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব প্রমুখ।
এ ছাড়া এক বিজ্ঞপ্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।