পাবনায় বিক্রয়কর্মীর আট টুকরা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসা থেকে গত মঙ্গলবার রাতে আক্তারুজ্জামান নামের এক বিক্রয়কর্মীর আট টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আর নিখোঁজের দুই দিন পর আজ বুধবার ভোরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

পাবনায় নিহত আক্তারুজ্জামান (৩৫) শহরের গাজী পাম্পের একটি বিক্রয়কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় রাহেনুজ্জামান (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নান্দিয়া পাইকপাড়া গ্রামে। তাঁরা একই ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের ভাষ্যমতে, রাহেনুজ্জামান পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গত সোমবার রাতে আক্তারুজ্জামানকে খুন করেন। পরে গুমের উদ্দেশ্যে লাশটি আট টুকরা করে বস্তায় ভরে রাখেন।

পুলিশ ও আক্তারুজ্জামানের স্বজনদের সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান প্রায় ছয় মাস আগে শহরের কৃষ্ণপুর মহল্লার ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে রাহেনুজ্জামানও থাকতেন। মঙ্গলবার সকালে তিনি কর্মস্থলে যাননি। দিনভর তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় গাজী পাম্পের তিনজন কর্মী তাঁর খোঁজে ওই বাসায় যান। তাঁরা সেখানে রাহেনুজ্জামানকে পান। আক্তারুজ্জামানের কথা জানতে চাইলে তিনি সন্দেহজনক কথাবার্তা বলেন। পরে কর্মীরা তাঁকে সদর থানায় নিয়ে যান। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাতে তিনি খুনের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে ওই ভাড়া বাসার শৌচাগারের ওপরের প্রকোষ্ঠ থেকে আক্তারুজ্জামানের টুকরা করা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
রাহেনুজ্জামানের বরাত দিয়ে পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, আক্তারুজ্জামানের কাছে রাহেনুজ্জামান পাঁচ হাজার টাকা পেতেন। গত সোমবার রাত ১১টার দিকে তিনি ওই টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করলে আক্তারুজ্জামানের মৃত্যু হয়। পরে লাশটি আট টুকরা করে বস্তায় ভরেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, এ ঘটনায় আক্তারুজ্জামানের চাচা মোজাম্মেল হক বাদী হয়ে রাহেনুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। রাহেনুজ্জামানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আক্তারুজ্জামানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জে নিহত ব্যবসায়ীর নাম মজনু মিয়া (৪০)। তাঁর বাড়ি কাজীপুর উপজেলার মেঘাই গ্রামে। সোমবার সকালে মজনু তাঁর ব্যবসায়িক অংশীদার উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের জামাল হোসেন ও দোকানের কর্মচারী মিজানুর রহমানকে নিয়ে উপজেলার মাইজবাড়ি চরে ভুট্টা কিনতে যান। সন্ধ্যায় মজনু বাড়ি ফিরে না আসায় তাঁর পরিবারের লোকজন জামালের কাছে এর কারণ জানতে চান। এ সময় জামাল অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে সন্দেহ হলে মজনুর স্ত্রী রুপালি খাতুন বাদী হয়ে গতকাল রাতে জামাল ও মিজানুরকে আসামি করে কাজীপুর থানায় অপহরণ মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি মজনুকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাইজবাড়ির চর থেকে মজনুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

জামালের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান জানান, ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে মজনুর সঙ্গে জামালের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল লাঠি দিয়ে মজনুর মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে বস্তায় ভরে তাঁর লাশ চরে পুঁতে রাখা হয়। এ ঘটনায় জামাল ১৬৪ ধারায় হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মিজানকে গ্রেপ্তারে অভিযান চলছে।