পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের শিবরামপুর মহল্লার মোজাহিদ ক্লাব পাড়ায় গতকাল বৃহস্পতিবার ফারুক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় বেকারি ব্যাবসায়ী। তাঁর বাড়ি শহরের শালগাড়িয়া মহল্লায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক বেকারি পণ্য তৈরি করে নিজেই বিক্রি করতেন। প্রতিদিনের মতো তিনি গতকাল সকালে তৈরি পণ্য বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। সকাল পৌনে সাতটার দিকে মোজাহিদ ক্লাব পাড়ায় তিন-চারজনের একদল যুবক তাঁর গতিরোধ করেন। তিনি যুবকদের সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে যুবকেরা তাঁকে চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বলেন, তিনি প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। হঠাৎ করেই ওই যুবকদের আক্রমণের দৃশ্য চোখে পড়ে। তিনি দৌড়ে কাছে পৌঁছার আগেই তারা ফারুককে কুপিয়ে পালিয়ে যায়।
নিহত ব্যক্তির ভাই শফিউল করিম বলেন, ‘আমার ভাই নিরীহ ব্যবসায়ী ছিলেন। তিনি কখনো কারও সঙ্গে বিরোধ করেননি। স্থানীয় কয়েকজন যুবক কিছু অনৈতিক সুবিধা না পেয়ে তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছিল। তারাই প্রকাশ্যে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার সময় তাদের সবাইকে চিনেছি। আমরা তাদের বিচার চাই।’
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ফারুকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।