পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
পাবনার মধ্য শহর দিলালপুর মহল্লার টাউন হল পাড়ায় ব্যবসায়ী অনুপ আগরওয়ালাকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অনুপের বাবা শ্যামসুন্দর আগরওয়ালা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ওই রাতেই প্রধান আসামি রানা বিশ্বাস ওরফে রাঙাকে (৩০) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি শহরের কৃষ্ণপুর মহল্লার চেয়ারম্যান গলিতে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রানা বিশ্বাস ওই মহল্লার মাইক্রোবাসের টিকিট মাস্টার। তিনি মাদকাসক্ত। মাঝেমধ্যেই মাদকের জন্য অনুপের কাছ থেকে টাকা নিতেন। টাকা না দিলে ভয়ভীতি দেখাতেন। ফলে ঝামেলা এড়াতে অনুপ তাঁকে টাকা দিতেন। কয়েক দিন ধরে টাকা না দেওয়ায় তিনি অনুপের ওপর ক্ষিপ্ত হন। অনুপকে হত্যার হুমকি দেন। বিষয়টি নিয়ে অনুপের বাবা শ্যামসুন্দর রানার সঙ্গে কথাও বলেছিলেন। এতেও রানা ক্ষান্ত হননি। ঘটনার দিন আবারও টাকা চেয়ে না পেয়ে অনুপকে হত্যা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার এসআই আবদুস সালাম বলেন, ঘটনার পর হত্যাকারীকে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছিল। মামলার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনুপ আগরওয়ালা তৈরি পোশাক ব্যবসায়ী ছিলেন। পরিবারের সঙ্গে শহরের টাউন হল পাড়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। ব্যবসায়িক কাজ শেষ করে গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে শুক্রবার প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।