পাবনায় ভেজাল মসলার কারখানার মালিকের দণ্ড
মরিচের বদলে ধানের তুষ। সঙ্গে মেশানো হতো রং ও কেমিক্যাল। তৈরি করা হতো টাটকা রঙের মরিচের গুঁড়া। পরে বস্তাভর্তি গুঁড়া পাইকারি দরে বাজারজাত করত প্রতিষ্ঠানটি।
পাবনার বেড়া উপজেলা সদরের দক্ষিণপাড়া মহল্লায় গতকাল শনিবার দুপুরে র্যা ব অভিযান চালিয়ে এমন একটি ভেজাল মসলা তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বিনা রানী দাস ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হামিদুর রহমান।
বিনা রানী দাস জানান, মো. দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল মরিচের গুঁড়া তৈরি করে বাজারজাত করছিল। গতকাল দুপুর ১২টার দিকে কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানা থেকে ২০ বস্তা ভেজাল মরিচের গুঁড়া জব্দ ও কারখানা মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।