পাবনা মানসিক হাসপাতালের মাদকাসক্তি নিরাময় ওয়ার্ডের সামনে বসে নিজের কথা শোনাচ্ছিলেন এক যুবক। তাঁর বয়স প্রায় ৩০ বছর।
নিজের ও পরিবারের পরিচয় না জানাতে অনুরোধ করে বললেন, মেধাবী ছাত্র ছিলেন। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে শিক্ষা নিয়েছেন। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হন। গাঁজা দিয়ে শুরু। তারপর ফেনসিডিল, ইয়াবা বড়ি ইত্যাদি। একসময় বিষয়টি জানাজানি হয়। নেশা ছাড়তে পারছিলেন না। বিয়ে করালে হয়তো মাদকাসক্তি ঘুচবে—এমন ভাবনা থেকে অভিভাবকেরা ২০১৩ সালে বিয়ে করালেন। কিন্তু লাভ হলো না। স্ত্রী মাদকাসক্তির বিষয়টি জেনে তালাক দিলেন। বাড়িতে অশান্তির চূড়ান্ত। তিনি চেষ্টা করলেন আত্মহত্যার। একপর্যায়ে গত ২০ আগস্ট বাড়ির লোকেরা প্রায় জোর করে তাঁকে এখানে ভর্তি করিয়েছেন।
এখানে কথা হলো চিকিৎসাধীন আরও একজনের সঙ্গে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন। বাবা সরকারি চাকুরে। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। ২০০৬ সাল থেকে নেশা করছেন। গাঁজা দিয়ে শুরু, মাঝে ফেনসিডিল, পরে ইয়াবা বড়িতে আসক্ত হন। পাস করার পর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিলেন। তবে দেড় বছরের মাথায় চাকরি ছাড়তে হয়েছে। পরে শহরে একটি ফোন-ফ্লেক্সি-কম্পিউটার যন্ত্রাংশের দোকান করে দেন তাঁর বাবা। দোকানের পুঁজি নেশা করতেই চলে গেছে। অগত্যা তাঁকেও বাড়ির লোকেরা বুঝিয়ে-শুনিয়ে এখানে ভর্তি করিয়েছেন ২৮ আগস্ট।
সম্প্রতি মানসিক হাসপাতালে গিয়ে দেখা গেছে, ২৫ শয্যার মাদকাসক্তি নিরাময় ওয়ার্ডে ওই দুজনসহ ২০ জন মাদকাসক্ত চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছাত্র, বেকার তরুণ, ব্যবসায়ী, গাড়িচালক, শ্রমিকসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাঁদের প্রায় সবাই বললেন, এখান থেকে ফিরে আর ওই অন্ধকার জগতে পা দেবেন না।
কোনো সামাজিক প্রতিরোধ না থাকায় পাবনায় মাদকের দ্রুত বিস্তার ঘটছে বলে মনে করেন পাবনা মেডিকেল কলেজ ও মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। তিনি বললেন, সারা জেলায় কোনো মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নেই। মানসিক হাসপাতালে মানসিক রোগীর পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসার জন্য একটি ওয়ার্ড আছে। ওয়ার্ডটি প্রায় সব সময় ভরা থাকে। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০ জন মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাদকসেবীদের মধ্যে ৬০ শতাংশই শিক্ষার্থী এবং বয়সে তরুণ। বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের মধ্যে কিশোরী-তরুণীও রয়েছেন। এমনকি শহরে ১১ থেকে ১৪ বছরের অনেক ছিন্নমূল শিশুও মাদকাসক্ত হয়ে পড়েছে। তারা ‘ডেন্ডি’ নামে পরিচিত একধরনের খুবই ক্ষতিকর রাসায়নিক মাদক হিসেবে ব্যবহার করে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মাদকসেবীদের মধ্যে পথশিশুর সংখ্যা প্রায় ৫ শতাংশ।
সম্প্রতি পাবনা শহর এবং ঈশ্বরদী ও বেড়া উপজেলায় প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠক ও মুক্ত আলোচনায় মাদকাসক্তিকে জেলার অন্যতম প্রধান সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরেন অংশগ্রহণকারীরা। জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও পাবনায় মাদকের ব্যাপক বিস্তারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সালমা খাতুন বলেন, ‘আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, তবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা যায়নি। বড় ব্যবসায়ীদের ধরতে পারিনি।’
জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, তাঁরা ৬০০ জন বড় মাদক ব্যবসায়ীর তালিকা করেছেন। তালিকাভুক্ত ছাড়াও যাঁদের ধরা হচ্ছে, তাঁদের দেওয়া তথ্য অনুসারে অন্য ব্যবসায়ীদের ধরা হচ্ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৬১২টি। অভিযান ছাড়াও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য কমিউনিটি পুলিশ ও এলাকাবাসীকে নিয়ে সভা-সমাবেশ করা হচ্ছে।
জেলা পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, মাদক-সংক্রান্ত কারণে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে প্রতিবছর প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার ও গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও জেলায় মাদকের বিস্তার কমছে না।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র বলেছে, ইদানীং মাদকের ধরন ও ব্যবসার কৌশল বদলেছে। অধিদপ্তরের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, তাঁরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। বড় চালান ধরতে না পারলেও খুচরা বিক্রেতাদের আটক করছেন।
তবে অভিযান নিয়ে এলাকাবাসী সন্তুষ্ট নয়। বিভিন্ন এলাকা ঘুরে ও বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর দু-এক থেকে পাবনায় ফেনসিডিলের ব্যবহার অনেক কমেছে। সেই জায়গায় এসেছে ইয়াবা। আগে শহর বা উপজেলায় মাদক বিক্রির চিহ্নিত জায়গা ছিল। এখন সেগুলো প্রায় উঠে গেছে। এখন ক্রেতা-বিক্রেতারা পরস্পরের মুঠোফোন নম্বর জানে। সাংকেতিক ভাষায় কথাবার্তার পর বিক্রেতারা ক্রেতার ঠিকানায় ‘বাবা’ (ইয়াবা) পৌঁছে দেয়। সারা শহরে বিক্রেতারা ছড়িয়ে গেছে।
বছর খানেক আগেও ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ছিল ফেনসিডিল বিক্রির ঘাঁটি। তা এখন নেই। পুলিশ পথে পথে চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া মাদকাসক্তরা ফেনসিডিল ছেড়ে ইয়াবায় আসক্ত হয়েছে। মানসিক হাসপাতালের নিরাময় ওয়ার্ডে চিকিৎসাধীন মাদকাসক্তদের তথ্য অনুযায়ী, ফেনসিডিলসেবীদের অর্ধেকের বেশি এখন ইয়াবায় আসক্ত। এর কারণ, ফেনসিডিলের দাম বেশি। দ্বিতীয়ত, ইয়াবা সহজলভ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরে হিলি, দিনাজপুর হয়ে গাঁজা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত দিয়ে ফেনসিডিল ও হেরোইন, পূর্বে নগরবাড়ী ও কাজীর হাট দিয়ে ইয়াবা এবং পশ্চিমে রাজশাহীর বাঘা, লালপুর, নাটোর দিয়ে আসছে ফেনসিডিল ও হেরোইন।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু যাহিদ বলেন, ঈশ্বরদীতে পারিবারিকভাবে মাদকের ব্যবসা করা হয়। একজনকে গ্রেপ্তার করলে পরিবারের অন্য সদস্যরা ব্যবসা চালিয়ে যায়। গ্রেপ্তার করা ব্যক্তিও কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে এসে ব্যবসা শুরু করে। পুলিশের একার পক্ষে মাদকের এই বিস্তার রোধ করা কঠিন। এ জন্য মানুষকে সচেতন করে তুলতে হবে।
পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান, নারী শিল্প উদ্যোক্তা ইউনিভার্সেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউর রহমানসহ অনেকে প্রথম আলোকে বলেছেন, ইদানীং পুলিশের জোর অভিযান চলছে। তবে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। মাদকের এই ভয়াবহ আগ্রাসন ঠেকাতে হলে শিগগিরই জোরালো নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।