পাবনায় যুবককে গুলি করে হত্যা

পাবনা শহরের টেকনিক্যাল মোড়ে বৃহস্পতিবার রাতে আরিফুল ইসলাম ওরফে সাগর (২৫) নামের এক যুবককে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শহরের কাচারীপাড়া মহল্লার মৃত আবদুল হামিদের ছেলে এবং পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৮ টার দিকে আরিফুল ওই মহল্লা দিয়ে যাওয়ার দুর্বৃত্তরা তাঁকে ধরে বেদম মারপিট করার পর গুলি করে। পরে তারাই আবার তাঁকে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাই সাদ্দাম হোসেন বলেন, সন্ত্রাসীরা তাঁর ভাইকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহতের চাচাতো বোন মারিয়া খাতুন বলেন, ‘আমার ভাইকে কারা হত্যা করেছে এটি এই এলাকার সবাই জানে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, কয়দিন আগে মহল্লার শেখ শহিদুল্লাহ বাচ্চু ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আমরা খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনার সঠিক কারণ উদ্ধার করার চেষ্টা করছি। ইতিমধ্যেই কিছুটা ক্লু পেয়েছি, তবে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।