পাবনায় যুবককে শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকচিরট গ্রামে গত রোববার রাতে আল-আমিন হোসেন (২২) নামের এক তরুণকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আল-আমিন একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
আল-আমিনের বাড়ি সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আল-আমিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে কাজ শেষে ওই দিন রাত ১০টার দিকে আল-আমিন বাড়ির উদ্দেশে রওনা দেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে চকচিরট এলাকায় একটি মেহগনি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
সদর থানার এসআই মনিরুল জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।