পাবনায় যুবলীগের নেতা ও বগুড়ায় ছাত্রলীগকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন যুবলীগের এক নেতা। একই রাতে বগুড়ার গাবতলীতে ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রলীগের এক কর্মী।
ঈশ্বরদীতে নিহত যুবলীগের নেতার নাম শাহজাহান মণ্ডল (৩৫)। ওই ঘটনায় আহত হয়েছেন শাহজাহানের ফুফাতো ভগ্নিপতি আবুল কাশেম (৫৫) ও পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল বিশ্বাস (৩২)। আবুল কাশেমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শাহজাহান এই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।
হাসপাতালে চিকৎসাধীন আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে শাহজাহান ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল বিশ্বাসকে নিয়ে তিনি অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি নতুন রূপপুরের কড়ইতলার কাছে পৌঁছালে পাঁচ-ছয়জন সন্ত্রাসী গাড়ির গতি রোধ করে তাঁদের চাপাতি দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে শাহজাহানকে অটোরিকশা থেকে নামিয়ে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় অটোরিকশা চালিয়ে শাহজাহানকে নিয়ে রাতে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাত আড়াইটার দিকে শাহজাহান মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ডিশ লাইন, বালু ব্যবসার ভাগাভাগি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নতুন রূপপুর গ্রামের বাসিন্দা নবীন হোসেনের সঙ্গে শাহজাহানের দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহজাহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাঁর সমর্থকেরা গ্রামে নবীনের সহযোগী সুজাউদ্দিন সুজার বাড়িতে আগুন দেন। পাশে আরও দুই সহযোগী সামিউল বিপ্লব ও সুমন হোসেনের বাড়িতে হামলা-ভাঙচুর করেন।
গতকাল দুপুরে নবীনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী বলেন, ঘটনার পর থেকে নবীন ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে নেই। তবে নবীনের সহযোগী সুমনের চাচা আজাদুল হক বলেন, সুমন দেশের বাইরে থাকেন। তবু তাঁর বাড়িতে হামলা করা হয়েছে।
ছাত্রলীগের কর্মী খুন
বগুড়ার গাবতলীতে খুন হওয়া ছাত্রলীগের কর্মীর নাম রামায়ণ চন্দ্র মণ্ডল (২৫)। উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে তিনি ছুরিকাঘাতে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত তিনটার দিকে মারা যান তিনি।
নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লতিফুল বারী বলেন, রামায়ণ এই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে ধনঞ্জয় মাঝিপাড়া গ্রামের একটি দোকানের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন ধনঞ্জয় মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রবিন ইসলাম (২৪)। কিন্তু এত রাতে এভাবে আড্ডা দিতে নিষেধ করেন রামায়ণ চন্দ্রের বড় ভাই শান্ত চন্দ্র। এ নিয়ে শান্তর সঙ্গে রবিনের বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে থাপ্পড় দেন শান্ত। এতে শান্তর সঙ্গে রবিন ও তাঁর বন্ধুদের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত রামায়ণ ভাই শান্তকে রক্ষার চেষ্টা করলে রবিন তাঁর হাতে থাকা ছুরি রামায়ণের পেটে ঢুকিয়ে পালিয়ে যান।
ওই ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েক শ লোক গতকাল দুপুর সোয়া একটার দিকে থানার সামনে অবস্থান নিয়ে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। রামায়ণ ধনঞ্জয় মাঝিপাড়ার সুনীল চন্দ্র মণ্ডলের ছেলে।
গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, রবিন ও তাঁর সহযোগী স্বপন, সৌরভ, রেজাউল ইসলাম রনি ও আরিফ ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।