পাবনায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পাবনার সাঁথিয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রাজ্জাক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।
নিহত আবদুর রাজ্জাকের বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আবু কুদ্দুস বলেন, রাজ্জাকের বিরুদ্ধে সাঁথিয়া থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। তিনি চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল।
র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, হলুদঘর গ্রামের গোপালপুর ব্রিজের নিচে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভোররাত চারটার দিকে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে আবদুর রাজ্জাক গুলিবিদ্ধ হন। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলিবিনিময়ের সময় বাবর আলী ও নজরুল ইসলাম নামের দুজন র্যাব সদস্যও আহত
হয়েছেন বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি চাপাতি, একটি শাবল, একটি হাতুড়ি, একটি স্ক্রু-ড্রাইভার এবং আটটি বাঁশের লাঠি উদ্ধার করেছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিনা রানী দাস বলেন, ময়নাতদন্তের জন্য রাজ্জাকের লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিকেলে নিহতের বড় ভাই আক্কাস আলীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম।
জানতে চাইলে আক্কাস আলী প্রথম আলোকে বলেন, ‘ঘটনা কী ঘটেছে আমরা জানি না।’