পাবনায় সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম (৩০) নামের এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের ধানুয়াঘাটা বাজারে রফিকুলের সারের দোকান রয়েছে। সকাল সাতটার দিকে তিনি বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর আগানোর পরই চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল সরদার বলেন, ‘রফিকুল নিরীহ ব্যবসায়ী ছিলেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা আছে বলে শুনিনি।’
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ঘটনা জানার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।