পাবনায় স্কুলছাত্র খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে স্কুলশিক্ষার্থী শাহরিয়ার হাসান অভিকে (১৩) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শোলাবাড়িয়া গ্রামের জয়নাল শেখ (৫০) ও তাঁর ভাই জালাল শেখের স্ত্রী বানেছা খাতুন (৩০), তাঁদের প্রতিবেশী শামসুল ইসলাম (৪০) ও ঠান্টু হোসেন (৩০)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হত্যাকাণ্ডের পর বিভিন্ন আলামত বিবেচনায় জয়নাল, তাঁর ভাই জালাল ও তাঁদের পরিবারের সদস্যদের দিকে সন্দেহ সৃষ্টি হয়। ঘটনার পর থেকে তাঁরা পালাতক ছিলেন। এ সন্দেহের সূত্র ধরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ওই গ্রামের বিভিন্ন স্থান থেকে প্রথমে জালাল শেখের স্ত্রী বানেছা খাতুন ও প্রতিবেশী দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে জয়নাল শেখকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা দাবি করেন, গভীর রাতে এক ব্যক্তি তাঁদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া দিলে একপর্যায়ে এর আঘাতে সে মারা যায়। পরে লাশ অন্যত্র সরিয়ে ফেলেন তাঁরা।
পুলিশ বলেছে, জয়নাল ও জালালদের প্রতিবেশীদের কয়েকজন হত্যার ঘটনাটি দেখেও তা চেপে যাওয়ায় দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে গতকাল বিকেলে অভির চাচা আবদুল বাকী প্রথম আলোকে বলেন, কোনো মিথ্যা নাটক সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। তাঁরা এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
আতাইকুলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অভি বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। রাত ১১টা পর্যন্ত তার ঘরে আলো জ্বালানো ছিল। সকালে গ্রামের পাশের একটি মাঠে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় তার। ঘটনার পর গ্রামের জালাল শেখ ও জয়নাল শেখের বাড়ি জনশূন্য এবং উঠানে রক্ত দেখতে পান লোকজন।