পাবনায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় মেয়েটি গত সোমবার রাতে তিন-চারজনকে আসামি করে মামলা করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার কাওসার আহমেদ (১৮) বেশ কিছুদিন ধরে মেয়েটিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিলেন। সোমবার ওই ছাত্রী ক্লাসে অসুস্থ হয়ে পড়া এক বান্ধবীকে বাড়িতে পৌঁছে দিতে যায়। বান্ধবীর বাড়ি থেকে বিদ্যালয়ে ফেরার পথে দুপুরে কাওসার একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে রাস্তায় তার পথ রোধ করেন। এ সময় মাইক্রোবাসে আরও তিন-চারজন তরুণ ছিলেন। তাঁরা জোর করে তাকে মাইক্রোবাসে তোলার কিছু সময়ের মধ্যে সে অচেতন হয়ে পড়ে। একসময় সে বুঝতে পারে, তাকে নৌকায় তোলা হয়েছে। বিকেলে কাওসার নৌকায় তাকে ধর্ষণ করেন এবং সন্ধ্যায় একটি নদীর তীরে নামিয়ে দেন। এরপর বাড়ি ফিরে মেয়েটি পরিবারকে ঘটনাটি জানায়। রাতে বেড়া মডেল থানায় মামলা করে।

ওই ছাত্রীর স্কুলের অধ্যক্ষ বলেন, সোমবার দুপুরে গরমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় পৌঁছে দিতে আরও কয়েকজনের সঙ্গে নির্যাতনের শিকার ছাত্রীকেও পাঠানো হয়। পরে সে স্কুলে ফেরার পথে অপহরণের শিকার হয় বলে খবর পান।