পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
পাবনার বেড়া উপজেলায় গতকাল রোববার আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গতকালই পুলিশ মনির হোসেন (১৯) নামের স্থানীয় এক তরুণকে আটক করেছে। আজ সোমবার স্কুলছাত্রীর পরিবার মনিরের বিরুদ্ধে ধর্ষণ করে হত্যার কথা উল্লেখ করে থানায় মামলা করেছে।
পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর নাম চায়না খাতুন (৮)। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গতকাল দুপুরে সে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও সে বাড়ি ফিরছিল না। একপর্যায়ে পরিবারের লোকজন বিকেল সাড়ে চারটার দিকে নদীর ঘাট থেকে ১০ থেকে ১৫ গজ দূরে তার লাশ খুঁজে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্থানীয় লোকজন চায়নাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে স্থানীয় মনিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আজ সোমবার শিশুটির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বেড়া থানায় মনিরের বিরুদ্ধে মামলা করেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, চায়নার গলায় ফোলা দাগ ছিল। তাকে হত্যা ও ধর্ষণ করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মনিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।