পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গত শনিবার রাতে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা আমিন উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি পাবনা পৌর সদরের দোহারপাড়া মহল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে আমিন উদ্দিন বাস টার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করছিলেন। কিছুক্ষণ পর টার্মিনালের শৌচাগারের পাশে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, ‘বাস টার্মিনালে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত নয়। আমরা দলীয়ভাবে বিষয়টি অনুসন্ধান করছি।’