পাবনায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজ শনিবার রাতে আমিন উদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাবনা পৌর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন। বাড়ি পাবনা পৌর সদরের দোহারপাড়া মহল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটার দিকে তিনি বাস টার্মিনাল এলাকায় ঘেরা ঘুরি করছিলেন। কিছুক্ষণ পর টার্মিনালের শৌচাগারের পাশে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। কিন্তু কী কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বাস টার্মিনালের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করে পাবনা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমরা দলীয়ভাবে ঘটনা অনুসন্ধান করছি।