পাবনায় 'চরমপন্থী সদস্যের' লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলায় আজ রোববার সকালে আল আমিন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, আল আমিন চরমপন্থী দলের সদস্য।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আল আমিনের বাড়ি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামে। খবর পেয়ে আজ সকালে ভিন্নগ্রাম–সংলগ্ন ইছামতী নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, আল আমিন চরমপন্থী দলের সদস্য। তাঁর বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে গতকাল শনিবার রাতের কোনো এক সময় হত্যা করেছে। এ ঘটনায় আল আমিনের ভাই আবদুল হালিম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যা মামলা করেছেন।
এর আগে ১৯ এপ্রিল দিনদুপুরে সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া গ্রামে ইব্রাহিম হোসেন (৩৫) নামের আরেক চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।