পাবনার বেড়া উপজেলার দড়িরচর গ্রামে গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, নিহত ব্যক্তি চরমপন্থী দল সর্বহারার আঞ্চলিক নেতা।
নিহত নিস্তারের বাড়ি পাবনা সদর উপজেলার খাসচর বলরামপুর গ্রামে। পুলিশের দাবি, সর্বহারার আঞ্চলিক নেতা হওয়ার পাশাপাশি নিস্তার নিজের নামেই একটি সন্ত্রাসী দল গড়ে তুলেছিলেন। তবে নিস্তারের গ্রামের লোকজন বলেছে, নিজেকে তিনি জাসদের নেতা বলে দাবি করতেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, পাবনা, রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন নিস্তার। তিনি ঢালার চরে পুলিশ হত্যাসহ প্রায় ১২টি মামলার পলাতক আসামি। মঙ্গলবার রাত তিনটার দিকে খবর আসে, আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে ঢালার চরের দড়িরচরে নিস্তার বাহিনীর সঙ্গে জুলহাস বাহিনী নামে আরেক সন্ত্রাসী দলের উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ খবরে পুলিশ সেখানে গেলে দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন লাশটিকে নিস্তারের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, দুটি দেশি রাম দা ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
নিস্তারের ভাই হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে বাড়িছাড়া। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। নিস্তারের গ্রামের লোকজনও একই ধরনের কথা বলেন। তাঁদের ভাষ্য, নিস্তার মাঝেমধ্যে এলাকায় আসতেন। জাসদ নেতা বলে নিজের পরিচয় দিতেন।
জাসদ নেতা হিসেবে পরিচয় দেওয়া প্রসঙ্গে জেলা জাসদের সম্প্রতি বিলুপ্ত কমিটির সভাপতি আমিরুল ইসলাম বলেছেন, ‘অবৈধ উপায়ে করা’ উপজেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিস্তারের নাম উঠেছিল। কিন্তু জাসদের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। তাঁকে কোনো মিছিল-মিটিংয়ে কোনো দিন ডাকা হয়নি।