পাবনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঙ্খরোয়া গ্রামে।
র্যাবের দাবি, নিহত জহুরুল ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি পাবনা ও সিরাজগঞ্জ জেলার সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং ‘জহুরুল বাহিনীর’ প্রধান। তাঁর বিরুদ্ধে পাবনা ও সিরাজগঞ্জের তিনটি থানায় নয়টি মামলা রয়েছে।
শুক্রবার সকালে পাবনায় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রামের একটি ফলের বাগানে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
এ সময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। এভাবে প্রায় আধা ঘণ্টা গোলাগুলি চলে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে এবং পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে র্যাব সদস্যরা ওই বাগানে ঢুকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে র্যাব নিহত ব্যক্তিকে শনাক্ত করে।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়।