পাম অয়েলকে সয়াবিন বলে বিক্রি, কারখানা সিলগালা
পাম অয়েলকে সয়াবিন হিসেবে মোড়কজাত করে বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের অক্সিজেন ও জালালাবাদ এলাকায় দুটি সয়াবিন তেল কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাঁচ হাজার লিটার নিম্নমানের তেল ধ্বংস করা হয়। আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাহমিলুর রহমান। এ সময় বিএসটিআই কর্মকর্তা এবং র্যাব তাঁকে সহযোগিতা করেন। সিলগালা করা দুটি কারখানা হলো জালালাবাদ এলাকার শাহিন ভেজিটেবল অয়েল ও অক্সিজেনের নোমানিয়া ফুড প্রোডাক্টস।
শাহীন ভেজিটেবল অয়েল কারখানায় অভিযানের সময় দেখা যায়, পাম অয়েল তেলকে সয়াবিন তেল হিসেবে মোড়কজাত করা হচ্ছিল। ড্রাম থেকে নিয়ে সরাসরি বোতলে ঢোকানো হচ্ছিল। অপরিশোধিত করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেল বোতলজাত করার নিয়ম থাকলেও এটি মানা হচ্ছিল না। ফলে কারখানাটি সিলগালা করা হয়। এখান থেকে পাঁচ হাজার লিটার নিম্নমানের তেল ধ্বংস করা হয়।
নির্বাহী হাকিম তাহমিলুর রহমান বলেন, ‘কারখানাটি ২০১৩ সালে বিএসটিআইয়ের ছাড়পত্র নিয়েছিল। কিন্তু তারা পাম অয়েলকে সয়াবিন হিসেবে বাজারে বিক্রি করছিল। তাই কারখানাটি সিলগালা করা হয়। অন্যদিকে নোমানিয়া ফুড প্রোডাক্টসে কোনো তেল পাওয়া যায়নি। তাদের ছাড়পত্রও নেই। আমরা কারখানাটি সিলগালা করে দিয়েছি।’