পায়ে স্কচটেপে মোড়ানো ছিল সোনার ৫৭টি বার
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সোনার ৫৭টি বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম শাহ হোসাইন (২৯)। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুবাই থেকে একটি উড়োজাহাজে করে তিনি চট্টগ্রামে আসেন।
শাহ হোসাইনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহীরা এলাকায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, দুবাই থেকে চট্টগ্রামে সোনার একটি চালান আসছে এমন খবরের ভিত্তিতে গতকাল বুধবারই ঢাকা থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে দুটি দলকে চট্টগ্রামে পাঠানো হয়। আজ বিকেলে দুবাই থেকে এফজেড৫৯১ নামের ফ্লাইটি চট্টগ্রামে অবতরণ করে। এরপর অন্য যাত্রীদের সঙ্গে শাহ হোসাইন গ্রিন চ্যানেল পার হয়ে যান। কিন্তু গোয়েন্দা কর্মকর্তাদের কাছে আগে থেকেই শাহ হোসাইনের ছবিসহ তথ্য থাকায় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে বিমানবন্দরের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ হোসাইন অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাঁর অস্বাভাবিক আচরণে গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁর দুই পায়ের হাঁটু ও গোড়ালির মাঝামাঝি অংশে স্কচটেপের আঠা পাওয়া যায়। এ দেখে গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ আরও ঘণীভূত হয়।
পরে শাহ হোসাইনকে নিয়ে গোয়েন্দা কর্মকর্তারা উড়োজাহাজে যান। তিনি যেই আসনে বসেছিলেন তার নিচ থেকে দুটি প্যাকেটে ৫৭টি সোনার বার উদ্ধার করা হয়।
মইনুল খান আরও বলেন, শাহ হোসাইন সোনার বারগুলো দুই পায়ের হাঁটু ও গোড়ালির মাঝামাঝি অংশে স্কচটেপ দিয়ে মুড়িয়ে নিয়ে আসেন। বিমানবন্দরে তাঁকে আটক করা হতে পারে এই আশঙ্কায় তিনি বারগুলো বিমানেই ফেলে আসেন। উদ্ধার করা সোনার ওজন ছয় কেজি ৬৪০ গ্রাম। এর আর্থিক মূল্য তিন কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় চট্টগ্রাম বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান মইনুল খান।