পায়ের রগ কেটে পানিতে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে অটোচালকের দুই পায়ের রগ কেটে তাঁকে পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস মোড়ের একটি নর্দমা থেকে আহত অটোচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোচালকের নাম বাপ্পি সুমন (৩২)। তাঁর বাবার নাম এনামুল হক। বাপ্পি তাঁর মায়ের সঙ্গে নগরের সাধুর মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। বাপ্পির স্ত্রী একমাত্র ছেলেকে নিয়ে নগরের বোসপাড়া এলাকায় আলাদা থাকেন।
গতকাল সোমবার সকালে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বাপ্পি অচেতন পড়ে আছেন। তাঁর মুখে অক্সিজেন মাস্ক। দুই পায়ের গোড়ালির ওপর একই জায়গায় কাটা। দুই পায়েই ব্যান্ডেজ জড়ানো। ওয়ার্ডের অন্য রোগীরা জানান, রাত তিনটার দিকে অস্ত্রোপচার শেষে ওয়ার্ডে নিয়ে আসা হয় বাপ্পিকে।
বাপ্পির মা শুকরিমা বেগম বলেন, গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে তাঁর ছেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর ফিরে আসেননি। সকালে তিনি খবর পান ছেলে হাসপাতালে রয়েছে। হাসপাতালে এসে দেখেন তাঁর ছেলের দুই পা-ই কাটা। ছেলে তাঁর সঙ্গে কোনো কথা বলতে পারেননি।
শুকরিয়া বেগম কাঁদতে কাঁদতে জানান, সাত বছর বয়সের বাপ্পিকে রেখে স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেন। মানুষের কাছে ধার-কর্জ করে গাড়িটি কিনে দিয়েছিলেন। হরতালের দিন ছেলে সকালের দিকে গাড়ি বের করতেন না। পরিস্থিতি বুঝে বেলা হলে গাড়ি নিয়ে বের হতেন বাপ্পি।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, রাত একটার দিকে হাইওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আওয়াল খবর পেয়ে আনসার সদস্যদের সহযোগিতায় বাপ্পিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁর অটোরিকশার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আনসার সদস্য শাহীন তাঁকে নিয়ে হাসপাতাল পর্যন্ত এসেছিলেন। শাহীন জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন, কেউ নেশা করে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পুলিশকে খবর দেন। পুলিশ এলে বাপ্পিকে পানি থেকে তুলে দেখা যায়, দুই পায়ের রগ কাটা। তবে কারা তার রগ কেটেছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।
হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ছাইদ আহমেদ বলেন, রাতেই বাপ্পির অস্ত্রোপচার করা হয়েছে। দুই পায়ের রগই কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।