পারাবত এক্সপ্রেসের বগিতে হঠাৎ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তনগর পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ট্রেনটির একটি বগি সম্পূর্ণ এবং আরেকটি আংশিক ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রেনটির বিরতির দিনে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকার সময় এ ঘটনা ঘটে।
নিরাপত্তাবেষ্টনীর ভেতরে কী করে আন্তনগর ট্রেনে আগুন লাগল, তা নিয়ে পরিষ্কার করে কেউ কিছু বলতে পারেনি। কেউ বলেছেন নাশকতাকারীরা বগির বিভিন্ন স্থানে পেট্রল বা অন্য কোনো দ্রব্য দিয়ে আগুন লাগাতে পারে। আবার কেউ বলেছেন, যে স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি মাদকসেবীদের অভয়ারণ্য। সাপ্তাহিক বিরতিতে থাকা বিভিন্ন ট্রেনের বগির ভেতরে বসে মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন করে। ধারণা করা হচ্ছে, মাদকসেবীদের হাতের আগুন ট্রেনে ছড়িয়ে পড়তে পারে।
ট্রেনে আগুন লাগার ঘটনায় রেলওয়ের কমান্ড্যান্ট ও সহকারী কমান্ড্যান্টকে বদলি এবং অন্য চার নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
আন্তনগর রুটে চলাচলকারী সব ট্রেনই সপ্তাহে এক দিন বন্ধ থাকে। পারাবত এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ছিল বন্ধের দিন। নিয়ম অনুসারে দূরপাল্লার ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনে মেরামতের কাজ করা হয়। প্রাথমিক মেরামত শেষে গতকাল বেলা একটার দিকে ট্রেনটি ধোয়া-মোছার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়। কর্মসূচি অনুসারে রাত ১২টার পর ট্রেনটিতে ধোয়া-মোছার কাজ করা হতো। এরপর বুধবার সকাল ছয়টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকার সময় পারাবতের ৭০৪০ নম্বর বগিটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন পুরো বড়িতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে আগুন লাগার ২০ মিনিট পরে দমকল বাহিনী আসে। ততক্ষণে আগুন পাশের আরেকটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনী এসে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলে।
জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না কীভাবে আগুন লেগেছিল।