পারিবারিক কলহে যুবককে হত্যা?
দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপর থেকে মশফিকুর রহমান (৩৮) নামের এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে মশফিকুরকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার সকাল আটটায় রেলওয়ে পুলিশ পৌর শহরের বেগমপুর এলাকার রেললাইনের ওপর থেকে মশফিকুরের লাশ উদ্ধার করেছে। মশফিকুর রহমান উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মুশফিকুরের স্ত্রী লাইলি খাতুন (৩৩) দাবি করেন, বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে তাঁর ভাশুর আবদুল মালেক ও জা আলেয়া বেগম পারিবারিক বিষয় নিয়ে নানাভাবে তাঁকে অত্যাচার করতেন। বাধ্য হয়ে তাঁরা পাঁচ-ছয় বছর আগে আলাদা হয়ে যান। এর পরও তাঁর ওপর অত্যাচার চলতে থাকে। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। সোমবার বিকেলে তাঁরা আবার তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁর পেটে লাথি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার বিরমাপুর থানায় মামলা করেন।
লাইলির বাবা বিরামপুর পৌর শহরের মির্জাপুর মহল্লার মাংস বিক্রেতা মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, ‘মামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে জানে আলমসহ তাঁর সহযোগীরা মশফিকুরকে হত্যা করে আমাকে ফাঁসাতে লাশ আমার গ্রামের কাছে রেললাইনের ওপর ফেলে রাখে। এ ঘটনায় আমি হত্যা মামলা করব।’
এ বিষয়ে মশফিকুরের মা মমতাজ বেগম দাবি করেন, ‘লাইলির বাবা তাঁর বাড়িতে আমার বড় ছেলে আবদুল মালেককে বেঁধে রেখে মারপিট করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মশফিকুরকে শাসন করে দুটি চড় মারা হয়েছে। এতে ভয় পেয়ে মুশফিকুর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। আমাদের ফাঁসাতে মশফিকুরের শ্বশুর পরিকল্পিতভাবে মশফিকুরকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রাখে। এ ব্যাপারে আমি মামলা করব।’
রেলওয়ে পুলিশের হিলি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আলামত দেখে মনে হয়েছে, নিহত ব্যক্তিকে হত্যার পরে লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয়। এটি ট্রেনে কাটা নয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মশফিকুরের স্ত্রীকে মারধরের ঘটনায় করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলেই তাঁর মনে হচ্ছে।