পারিবারিক কলহে স্ত্রীর গায়ে স্বামীর অ্যাসিড নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী মো. পারভেজ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
অ্যাসিডদগ্ধ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি নিজে বাদী হয়ে বিকেলে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন।
ওই নারীর ভাই পাপ্পু মিয়া বলেন, কাফরুল এলাকায় তাঁর বোন সেলাইয়ের কাজ করেন। পারভেজের কোনো চাকরি নেই। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ ভোরেও একই ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ স্ত্রীর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করেন। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে পারভেজকে ধরে পুলিশে সোপর্দ করেন।
শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বলেন, পারিবারিক কলহের জের ধরেই ঘটনাটি ঘটেছে। স্ত্রী অ্যাসিড নিয়ন্ত্রণ ও অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন।