পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শিল্পী আক্তার (৩২) পেলাইদ গ্রামের আবদুল আওয়ালের মেয়ে ও একই গ্রামের কালা চানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কালা চান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দুই মাস আগে বাড়িতে আসেন তিনি। দেশে ফিরে তিনি লোকমুখে শুনতে পান, পাশের বরামা গ্রামের আবদুল আজিজের ছেলে কমর উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে গতকাল রোববার রাতে তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ সোমবার সকালেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বিতীয় দফা ঝগড়া হয়। সকালে কালা চান বাড়ির বাইরে গেলে শিল্পী আক্তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
শ্রীপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।