পারিবারিক কলহের জেরে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. শামছুদ্দিন (৭০) নিহত হয়েছেন। ছেলের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শামছুদ্দিন ও তাঁর ছেলেদের সঙ্গে জমিসংক্রান্ত পারিবারিক বৈঠকে বসেন। অভিযোগ উঠেছে, বৈঠকে শামছুদ্দিনের বড় ছেলে মো. বেলাল ও বেলালের ছেলে আব্বাছ উদ্দিন ওরফে পিনা উত্তেজিত হয়ে শামছুদ্দিনকে পিটিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার কথা বলে সদর হাসপাতাল থেকে শনিবার রাতে শামছুদ্দিনের মেয়ে রওশন আরা বেগম তাঁর বাবাকে লক্ষ্মীপুর পুলিশ লাইনসের পাশে তাঁর বাড়িতে নিয়ে যান। আজ রোববার সকালে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।