পারিবারিক কলহের জেরে স্কুলছাত্রকে হত্যা!
লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিম মিয়া (১৫) নামের নবম শ্রেণির এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটলেও রোববার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র ইব্রাহিম মিয়া হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
হাতীবান্ধা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার দোলোয়ার হোসেনের বাড়িতে শনিবার বিকেলে দেলোয়ারের ছোট ভায়রা নান্নু মিয়া (৩৮) বেড়াতে আসেন। দীর্ঘ দিন ধরে দোলোয়ার ও নান্নু মিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ উঠেছে, সেই কলহের জের ধরে শনিবার রাতে দোলোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে নান্নু মিয়া প্রথমে দোলোয়ারের বড় ছেলে ইব্রাহিম মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে দোলোয়ারের মা ধৌলি বেগমকে এবং একই সঙ্গে অন্য ঘরে ঘুমিয়ে থাকা দোলোয়ারের ছোট ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র আবু বক্করকেও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় আবু বক্কর তার খালু নান্নুকে চিনে ফেলে এবং চিৎকার-চেঁচামেচি করলে নান্নু মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ারের মা ধৌলি বেগমকে (৭০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মুসা আলম মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় করা মামলার এজাহারে নান্নু মিয়াসহ চারজনকে আসামি করে মামলা করেছেন নিহত ইব্রাহিমের বাবা দেলোয়ার হোসেন।