পারিবারিক বিরোধে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঝাড়ুদার গৌতম মালিকে (৪৫) গলা কেটে হত্যা করেছেন আত্মীয় মিলন মালি ও ভাড়াটে বিপুল। নিহত গৌতম মালি উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।

গত রোববার সন্ধ্যা সাতটার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে গৌতমকে হত্যা করা হয়। হত্যার পর পালানোর সময় জনতার হাতে আটক হন দুই খুনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ ব্যাপারে গৌতমের স্ত্রী দীপালি রানী বাদী হয়ে গতকাল রোববার বোনের ছেলে মিলন মালি এবং ভাড়াটে বিপুলকে আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিলন ও বিপুলকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার গৌতমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আজিজুর রহমান আরও জানান, মিলনের মা অনেক আগে মারা যান। এরপর থেকে মাসি দীপালি রানীকে বরগুনায় তাঁর বাবার কাছে নিয়ে যেতে চান মিলন। তাতে রাজি হননি গৌতম। এরপর থেকেই গৌতমকে হত্যার পরিকল্পনা করেন মিলন। মাসিকে তাঁদের কাছে নেওয়ার জন্যই গৌতমকে হত্যা করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, গৌতমের ভায়রার ছেলে মিলন মালি পরিকল্পিতভাবেই তাঁর খালুকে হত্যা করেছেন। হত্যায় সহযোগিতার জন্য ঢাকা থেকে তাঁর বন্ধু সেলুনকর্মী বিপুলকে নিয়ে গত রোববার মিলন বরিশালে আসেন।

গোপালপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক মল্লিক জানান, ‘গৌতম মালি গোপালপুর সিংহবাড়ি বাজারের ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। তার কোনো শত্রু নেই বলেই জানি। তবে পারিবারিক বিরোধ ছিল বলে শোনা যায়। এর জের ধরেই গত রোববার সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে গৌতমের ভায়রার ছেলে মিলন মালি এবং তার বন্ধু বিপুল গোপালপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) পেছনে বাগানে নিয়ে গৌতম মালির গলায় ছুরি চালায়। এ সময় গৌতম ডাক-চিৎকার দেয় এবং তাদের দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও মাটিতে লুটিয়ে পড়ে। গৌতমের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তার আগেই গৌতম মারা যায়। এ সময় রক্তমাখা অবস্থায় পালাতে গেলে মিলন মালি এবং বিপুলকে জনতা আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’