পারিবারিক বিরোধে কিশোরকে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাচক গ্রামে নজরুল ইসলাম মকদম (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
চাচা মহিউদ্দিন মকদম লোকজন নিয়ে নজরুলকে হত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নজরুল স্থানীয় ভোজেশ্বর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নড়িয়া থানা ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার পাচক গ্রামের বাসিন্দা নাসির মকদম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করেন। স্ত্রী জ্যোতি বেগম ছেলে নজরুল ইসলামকে নিয়ে গ্রামে থাকেন। নাসির মকদমের সঙ্গে চাচাতো ভাই মহিউদ্দিন মকদম, আতিক মকদম ও মানিক মকদমের পারিবারিক বিরোধ ছিল। গতকাল বুধবার একটি নলকূপের পাইপ স্থাপনের ঘটনা নিয়ে তাঁদের সঙ্গে নাসির মকদমের বাদানুবাদ ও একপর্যায়ে ঝগড়া হয়। তখন আতিক, মানিক ও মহিউদ্দিন মকদম হামলা চালিয়ে নাসির মকদম ও তাঁর ছেলে নজরুল ইসলামকে এলোপাতাড়ি কোপান। এ ছাড়া তাঁর স্ত্রী জ্যোতি বেগমকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। নাসির ও জ্যোতিকে গ্রামবাসী উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতি বেগম বলেন, ‘মহিউদ্দিন, আতিক ও মানিক মকদম আমার বুকের মানিককে নির্দয়ভাবে হত্যা করেছে। আমার একটিমাত্র ছেলে, মারার আগে একবারও পাষণ্ডদের বুক কাঁপল না। আমাদের চোখের সামনে কুপিয়ে মেরে ফেলল, আমরা কিছুই করতে পারলাম না।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারণে চাচা ভাতিজাকে হত্যা করেছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।