পার্ক ধ্বংস করে ডিজিটাল বিলবোর্ড স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইংলিশ রোড মোড়ে ‘নগরে নিসর্গ’ পার্কের ভেতর অবৈধভাবে ডিজিটাল বিলবোর্ড বসানো হচ্ছে। ইতিমধ্যে পার্কের বিভিন্ন প্রজাতির সবুজ গাছ কাটা ও ঘাস উপড়ে ফেলা হয়েছে। এতে পার্কটির নান্দনিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

২০০৮ সালের মার্চে ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার সৌন্দর্য বর্ধন করতে এই পার্ক নির্মাণ করে হেরিটেজ ক্রিয়েটিভ কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান। এর নকশা ও পরিকল্পনা করেছেন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক রাফেয়া আবেদীন। বর্তমানে তিনিই পার্কটি দেখভাল করছেন। এই পার্কের জায়গার মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

স্থানীয় বাসিন্দা ও হেরিটেজের অভিযোগ, ডিএসসিসি থেকে প্রায় ২ হাজার ২৩২ বর্গফুট আয়তনের জায়গাটি ইজারা নিয়ে ওই পার্ক নির্মাণ করেছে হেরিটেজ। এতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হয়। বর্তমানে পার্কের পেছনে (দক্ষিণ) একটি বড় বিলবোর্ড ভাড়া দিয়ে এর পরিচালনার খরচ মেটানো হয়। কিন্তু ৮ মার্চ মেসার্স জনতা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পার্কের সামনের অংশে বড় গর্ত করে। ডিজিটাল বিলবোর্ড বসানোর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তা বাস্তবায়িত হলে পার্কটির অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি রাজধানীর ১৯টি স্থানে ডিজিটাল বিলবোর্ড স্থাপনে জনতা এন্টারপ্রাইজকে অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ইংলিশ রোড মোড় পার্ক-সংলগ্ন এলাকায় ৩১২ বর্গফুট আয়তনের একটি বিলবোর্ড নির্মাণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু এই পার্ক-সংলগ্ন কোন স্থানে তা নির্মাণ করা হবে, তা ডিএসসিসির ‘অবগতিপত্রে’ নির্ধারণ করা ছিল না। এই সুযোগে নগরে নিসর্গের সামনের অংশে নির্মাণকাজ শুরু করে ওই প্রতিষ্ঠান।

গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই পার্কটির চারপাশে কংক্রিটের টবে আছে নানা জাতের ফুলগাছ। পুরো চত্বর ঘিরে রয়েছে ঘাস। পরিপাটি করে কাটা ঘাসগুলো যেন সবুজ গালিচা। দক্ষিণ পাশে রয়েছে পাহাড়ের আদলে নির্মিত কংক্রিটের স্থাপনা। এর বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে পানি নিচে নেমে আসছে। উত্তর-পূর্ব কোণে গাছ ও ঘাসের ওপর মাটি স্তূপ করে রাখা হয়েছে। এর পাশেই ডিজিটাল বিলবোর্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে জনতা এন্টারপ্রাইজ।

তাঁতীবাজারের স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ বলেন, পুরান ঢাকার এই এলাকায় সবুজ বলতে তেমন কিছুই নেই। বিলবোর্ড দিয়ে এই পার্ক ঢেকে দেওয়া হলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। অনেকেই দৃষ্টিনন্দন এই পার্ক দেখতে আসেন। হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক রাফেয়া আবেদীন বলেন, এই পার্কে বিলবোর্ড না বসাতে জনতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ ওমরান আহমেদকে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি কোনো কথা শুনছেন না। বিষয়টি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালকে জানানো হয়েছে। এ ছাড়া ৯ মার্চ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। পার্কের ভেতর এ ধরনের স্থাপনা নগরের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যের পরিপন্থী।

বিষয়টি সম্পর্কে জানতে অনেক চেষ্টা করেও সৈয়দ ওমরান আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, ওই পার্কের ভেতর বিলবোর্ড স্থাপন না করতে ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।