ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রায়েরবাজার মার্কেটের পার্কিংয়ের জায়গার বেশির ভাগ অংশ ভাসমান বিক্রেতাদের দখলে।
গত সোম ও মঙ্গলবার রায়েরবাজারে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের কাঁচাবাজারের সামনে অর্ধেকের বেশি জায়গাজুড়ে ভাসমান দোকান। সেখানে মোবাইল মেরামতের দোকান, চা, চটপটি ফুচকা ও বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজানো। অল্প কিছু অংশ পার্কিংয়ের জন্য খালি।
মো. আসিফ নামের এক দোকানি বলেন, বছর খানেক আগে এখানে গাড়ি পার্কিং করার জন্য জায়গা করা হয়। কিছুদিন পুরোটাই পার্কিংয়ের জন্য ব্যবহৃত হতো। এরপর আবার ভাসমান দোকানদারদের দখলে চলে যায়।
বাজারে ঢোকার শুরু থেকে হাসেম খান হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত কাঁচাবাজারের সামনে বাঁশের বেড়া দিয়ে এই পার্কিং করা হয়েছে। এখন শুধু মাদ্রাসার পাশের অংশটুকুর কিছু জায়গা রাখা হয়েছে পার্কিংয়ের জন্য।
মমিন পিঠা বিক্রি করেন। তাঁর দোকানটিও ভাসমান। পার্কিংয়ের জায়গায় দোকান বসানো নিয়ে জানতে চাইলে বলেন, ‘একটু জায়গা তো আছেই। আমরা এই পাশে বহি।’
কয়েকজন স্থায়ী দোকানি বলেন, স্থানীয় কাউন্সিলরই এই দোকান বসানোর অনুমতি দিয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেন ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের খান। তিনি বলেন, ‘আমি নিজেই এই পার্কিংয়ের ব্যবস্থা করছি। আমি কেন বসতে দিব।’ তিনি আরও বলেন, প্রায়ই ভ্রাম্যমাণ আদালত এসে উচ্ছেদ করেন, কিন্তু দোকানগুলো আবার বসে। রায়েরবাজার মার্কেট কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘এ মার্কেট নিয়ে মামলা আছে। পার্কিং, অবৈধ দোকান সবকিছু মিলিয়েই চলছে। এলাকার মধ্যে হওয়ায় আমরা কোনো ঝামেলা করি না।’