ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া সড়কের মোড়সহ বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে পার্কিংয়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে। শুধু মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে টোল আদায়ের জন্য বাসস্ট্যান্ড-সংলগ্ন যানবাহন ও কুলি স্ট্যান্ড ইজারা নেওয়া হলেও এভাবেই পার্কিংয়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে।
সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, ২৪ লাখ ৫০ হাজার টাকায় এ বছর (বাংলা ১৪২৩ সাল) সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন যানবাহন ও কুলি স্ট্যান্ড ইজারা নিয়েছেন তসলিমুর রহমান নামের এক ব্যক্তি। শর্ত অনুযায়ী, ইজারাদার শুধু যানবাহনে মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে টোল আদায় করতে পারবেন। কিন্তু এই শর্ত ভঙ্গ করে বিরুলিয়া সড়কের মোড়সহ বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে পার্কিংয়ের নামে অবৈধভাবে প্রতিদিন গড়ে ২৬ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
পণ্য সরবরাহের জন্য গত শনিবার ট্রান্সকম বেভারেজের একটি কাভার্ড ভ্যান বিরুলিয়ায় যাচ্ছিল। দুই তরুণ ওই গাড়ি আটকে চাঁদা দাবি করেন। পরে চালকের হাতে একটি রসিদ ধরিয়ে দিয়ে ৩০ টাকা চাঁদা আদায় করা হয়। রসিদে লেখা রয়েছে, ‘এখানে কোনো প্রকার গেঞ্জাম করিবেন না, গেঞ্জাম করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’ ট্রান্সকম বেভারেজ কোম্পানির সাভার অঞ্চলের পরিবেশকের ব্যবস্থাপক আনিসুজ্জামান চৌধুরী বলেন, প্রতিষ্ঠানের পাঁচটি যানবাহনের জন্য প্রতিদিন গড়ে তাঁদের ২০০ টাকা চাঁদা দিতে হয়। সাভার বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকা থেকে এই চাঁদা আদায় করা হয়।
বিরুলিয়া মোড়ে চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত শাহীন মিয়া বলেন, জাহিদ ও আনোয়ার নামের দুজনের কাছ থেকে তিনি প্রতিদিন চার হাজার টাকায় ওই এলাকা মৌখিকভাবে ইজারা নিয়েছেন। তাঁরাই (জাহিদ ও আনোয়ার) তাঁকে ছাপানো রসিদ সরবরাহ করেছেন।
সাভার বাসস্ট্যান্ড এলাকার মাশরুম উন্নয়নকেন্দ্রের সামনে থেকে রাজধানীর আবদুল্লাহপুরের মধ্যে চলাচলকারী প্রতিটি লেগুনা (হিউম্যান হলার) থেকে প্রতিদিন ৯০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। একই এলাকায় আনন্দ সুপার পরিবহন থেকেও ১২০ টাকা হারে চাঁদা নেওয়া হয়। লেগুনার চালক আবদুল হালিম বলেন, পৌরসভার ইজারার কথা বলে হৃদয় নামের এক তরুণ তাঁদের কাছ থেকে চাঁদা নেন। হৃদয় চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, বাবুল নামের এক শ্রমিকনেতার হয়ে তিনি চাঁদা আদায় করে থাকেন। চাঁদার ভাগ পুলিশকেও দেওয়া হয় বলে জানান তিনি।
নিউ মার্কেটের সামনে হ্যালোবাইক থেকে প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করেন মনির হোসেন নামের এক তরুণ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক বলেন, পুলিশের সামনেই তাঁদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। প্রতিবাদ করলে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অনেক সময় পুলিশকে দিয়েও হয়রানি করা হয়।
অন্ধ মার্কেটের সামনে লেগুনাপ্রতি প্রতিদিন ১০০ টাকা, টেম্পো থেকে ৫০ ও হ্যালোবাইক থেকে ২০ টাকা হারে চাঁদা আদায় করা হয়।
লেগুনার চালক রবিউল ইসলাম ও টেম্পোর চালক শামীম হোসেনসহ কয়েকজন বলেন, শাহীন ও আলম নামের দুই ব্যক্তি প্রতিদিন তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন।
ধসে পড়া রানা প্লাজার সামনে পার্কিং ও পুলিশের কথা বলে প্রতিটি ব্যক্তিগত গাড়ি থেকে মাসিক ৪০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। মফিজ নামের এক চালক মাস শেষে এ চাঁদা আদায় করে থাকেন। তবে মফিজ এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। এ ছাড়া নামাবাজার রোডের মোড়ে হ্যালোবাইক থেকে ৪০ টাকা হারে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
ইজারাদার তসলিমুর রহমান বলেন, লোকবলের অভাবে যানবাহন ও কুলি স্ট্যান্ডের ইজারা কয়েকজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁদের যানবাহন থেকে চাঁদা আদায় করতে মানা করা হয়েছে।
সাভার পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, ‘আমি নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার পর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে চাঁদা বন্ধে উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে এবারই প্রথম ইজারার শর্তে শুধু যানবাহনে মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে টোল আদায়ের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ শর্ত লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এরপরও খোঁজখবর নিয়ে চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।