পার্বতীপুরে আদিবাসীপল্লির দুটি বিদ্যালয় বন্ধ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবিবপুর চিড়াকুটা আদিবাসী গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ২৪ জানুয়ারি গ্রামটিতে হামলা চালানো হয়। এ সময় বিদ্যালয় দুটিও ভাঙচুর করা হয়। এ কারণে বিদ্যালয় দুটির ৭০ জন শিক্ষার্থীর পাঠদানও বন্ধ রয়েছে।
চিড়াকুটা গ্রামের দীপালী টুডু জানান, গ্রামটির আদিবাসী শিশুদের শিক্ষার উন্নয়নে বেসরকারি সংস্থা কারিতাস ও ব্র্যাক পরিচালিত দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। ২৪ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় স্থানীয় হাজারো মানুষ আদিবাসী গ্রামটিতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এই শিক্ষাপ্রতিষ্ঠান দুটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ আছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ জনের বেশি শিশু পড়ালেখা করে। ঘটনার আতঙ্কে গ্রামের অনেক পরিবার এখনো বাড়ি ফেরেনি। শিক্ষার্থীরাও আসে না।
ব্র্যাক প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী সরলা টুডু ও প্রিতুনি টুডু জানায়, ‘আগুনে আমাদের ঘরবাড়ির সঙ্গে সব বই-খাতাও পুড়ে গেছে। কারিতাস স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি টুডু, রনি কিসকু ও অর্ঘ্য টুডু বলে, ‘আমরা কী করে স্কুলে যাব? আমাদের স্কুলে তো পুলিশ থাকে। ’
কারিতাস স্কুলের শিক্ষক পুতুল মুরমু বলেন, গ্রামবাসীর নিরাপত্তার জন্য আমাদের স্কুলটিতে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। তা ছাড়া অনেক শিশু গ্রামে নেই। এসব কারণে লেখাপড়া বন্ধ আছে।
ব্র্যাক প্রাইমারি স্কুলের শিক্ষক রিনা কিসকু বলেন, দিনে পড়ালেখা শেষে শিশুরা বই স্কুলে রেখে বাড়ি যেত। ২৪ জানুয়ারি দুর্বৃত্তরা ঘরের সঙ্গে ব্র্যাক স্কুলটিরও ব্যাপক ক্ষতি করে। ফলে বন্ধ হয়ে গেছে পাঠদান।
পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ঘটনার পর তিনি হাবীবপুর চিড়াকুটা গ্রামে যাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) গিয়েছিলেন। তা ছাড়া ব্র্যাক বা কারিতাস পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দেখার দায়িত্ব উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নয়। তবে ওই গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সমস্যা জানার জন্য তিনি প্রয়োজন হলে সংস্থা দুটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বিদ্যালয় থেকে শিগগিরই পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হবে। আগামীকাল তিনি ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলো চালু করার উদ্যোগ নেবেন।